আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, এ সপ্তাহের মধ্যেই কয়েকটি বড় মামলার তদন্ত প্রতিবেদন ও ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। পাশাপাশি পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার উল্লেখযোগ্য তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।
রবিবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে কুষ্টিয়ায় চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে ৬ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় চিফ প্রসিকিউটর বলেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানকে ‘সো-কলড’ বা ‘তথাকথিত’ বলা আদালত অবমাননার শামিল। তিনি আরও উল্লেখ করেন, এই অভ্যুত্থানের ফসল হিসেবে বর্তমান রাষ্ট্র দাঁড়িয়ে আছে, যা অর্জিত হয়েছে ১,৪০০ মানুষের রক্তদান, প্রায় ২৫ হাজার মানুষের অঙ্গহানি এবং অগণিত মানুষের ত্যাগের মাধ্যমে।
তিনি বলেন, বিচারপ্রক্রিয়া সংক্রান্ত আইনগত উপায়ে আপত্তি তোলা যেতে পারে, তবে রাষ্ট্রের মহান অর্জনকে খাটো করার অধিকার আদালতে কোনো আসামির নেই। এটি আদালত অবমাননা এবং রাষ্ট্রদ্রোহিতার সমতুল্য বলেও মন্তব্য করেন তিনি।
